ম্যালওয়্যার ও র‍্যানসমওয়্যার: ঝুঁকি চিনুন, নিরাপদ থাকুন

প্রতিদিনের মতো কম্পিউটার বা ল্যাপটপ খুলে কাজ করতে বসেছেন। কিন্তু দেখলেন, প্রয়োজনীয় ফাইলগুলো আর খুলছে না। পরিচিত সফটওয়্যার কাজ করছে না, ডিভাইস চলছে অস্বাভাবিক ধীরগতিতে। কিছুক্ষণ পর পর্দায় ভেসে উঠল একটি বার্তা, ফাইলগুলো ফিরে পেতে হলে দিতে হবে নির্দিষ্ট পরিমাণ অর্থ। আপনার অজান্তেই হয়তো ডিভাইসে প্রবেশ করেছে ক্ষতিকর কোনো সফটওয়্যার। ম্যালওয়্যার বা র‍্যানসমওয়্যারের মাধ্যমে সাইবার অপরাধীরা এভাবেই ব্যক্তিগত তথ্য চুরি, ফাইল আটকে রাখা কিংবা পুরো ডিভাইসের কার্যক্রম অচল করে দিতে পারে।

ম্যালওয়্যার (Malware) হচ্ছে এমন এক ধরনের সফটওয়্যার, যা কম্পিউটার বা মোবাইলে ঢুকে নানা রকম ক্ষতি করে। যেমন:

  • জরুরি ফাইল নষ্ট করে দেওয়া
  • পাসওয়ার্ড চুরি করা
  • ডিভাইস ধীর করা
  • ব্যক্তিগত গোপন তথ্য চুরি করা

 

ম্যালওয়্যার অনেক ধরনের হয়। যেমন:

  • ভাইরাস (ডিভাইস ভাইরাস আক্রান্ত হলে অপারেটিং সিস্টেমের কার্যক্ষমতা ব্যাহত হতে পারে এবং ডেটা হারিয়ে যেতে পারে)
  • ট্রোজান (ভালো সফটওয়্যার সেজে ঢুকে তথ্য চুরি করে, ব্যবহারকারীদের উপর গুপ্তচরবৃত্তি করে, অথবা আরও আক্রমণের জন্য সুযোগ তৈরি করে)
  • স্পাইওয়্যার (গোপনে আপনার কাজকর্ম দেখে বা ট্র্যাক করে)

 

র‍্যানসমওয়্যার (Ransomware) হচ্ছে বিশেষ ধরনের ম্যালওয়্যার। এটা ব্যবহারকারীর সব ফাইল লক করে দেয়। ব্যবহারকারী হঠাৎ দেখতে পান তিনি তার ফাইলগুলো আর খুলতে পারছেন না। একটি বার্তাও পান, “টাকা দিলেই শুধু ফাইল ফিরে পাবেন।”

র‍্যানসমওয়্যার যেভাবে কাজ করে-

  • ব্যবহারকারী কোনো ভুল লিংকে ক্লিক করলে বা ইমেইল অ্যাটাচমেন্ট খোলার মাধ্যমে আক্রান্ত হন।
  • র‍্যানসমওয়্যার সিস্টেমে প্রবেশ করে ফাইল এনক্রিপ্ট করে।
  • মুক্তিপণ দাবি করে (সাধারণত বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সিতে টাকা দাবি করে)।
  • টাকা দিলেও অনেক সময় ফাইল ফেরত পাওয়া যায় না।

 

কিছু কুখ্যাত র‍্যানসমওয়্যার:

  • WannaCry (২০১৭ সালে সারা বিশ্বে হামলা করেছিল)
  • LockBit (বড় কোম্পানিগুলোকে লক্ষ্য বানায়)
  • REvil (অনেক টাকা দাবি করে)

 

ম্যালওয়্যার ও র‍্যানসমওয়্যার থেকে সুরক্ষার উপায়ঃ

  • সাধারণ ব্যবহারকারীদের জন্য:
    –  অ্যান্টিভাইরাস ব্যবহার করা। Windows Defender (মাইক্রোসফটের বিল্ট-ইন অ্যান্টিভাইরাস) চালু রাখা। বিশ্বাসযোগ্য প্রিমিয়াম অ্যান্টিভাইরাস (যেমন, Kaspersky, Bitdefender, Norton) ব্যবহার করা ।
    –  সন্দেহজনক লিংক ও ইমেইল এড়িয়ে চলা। অপরিচিত ইমেইলের অ্যাটাচমেন্টে প্রবেশ না করা। ডাউনলোডের আগে URL চেক করা (যেমন: https:// থাকলে নিরাপদ)।
    –  সফটওয়্যার ও অপারেটিং সিস্টেম আপডেট রাখা। Windows, macOS, Android, iOS নিয়মিত আপডেট করা। Adobe Flash, Java, Browser (Chrome/Firefox) আপডেট করা।
    –  ডেটা ব্যাকআপ নেওয়া। ক্লাউড স্টোরেজ (Google Drive, OneDrive, Mega Storage) ব্যবহার করা। প্রয়োজনে এক্সটার্নাল হার্ড ড্রাইভে নিয়মিত ব্যাকআপ রাখা।
    –  শক্তিশালী পাসওয়ার্ড (অক্ষর+সংখ্যা+চিহ্ন) ও Two-Factor Authentication (2FA) ব্যবহার করা। Gmail, Facebook, ব্যাংক অ্যাকাউন্টে 2FA চালু করা।

 

  • কোম্পানি বা প্রতিষ্ঠানের জন্য অতিরিক্ত সতর্কতা:
    –  ফায়ারওয়াল ও নেটওয়ার্ক সিকিউরিটি ব্যবহার করা।
    –  কর্মীদের এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া।
    –  র‍্যানসমওয়্যার প্রোটেকশন টুলস (যেমন: Acronis, Malwarebytes) ব্যবহার করা।

 

ডিভাইস ম্যালওয়্যার আক্রান্ত হলে যা করণীয়:

  • ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করুন (Wi-Fi/ ইথারনেট)।
  • অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান করুন।
  • সিস্টেম রিস্টোর (System Restore) অপশন ব্যবহার করুন।
  • পেশাদার সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞের সাহায্য নিন।
  • মুক্তিপণ না দেওয়া (এটি অপরাধীদের উৎসাহিত করে)।

 

ম্যালওয়্যার ও র‍্যানসমওয়্যারের আক্রমণ দিন দিন বেড়ে চলেছে। সচেতনতা ও প্রযুক্তিগত সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করে আমরা এই ঝুঁকি কমাতে পারি। নিয়মিত সফটওয়্যার আপডেট, শক্তিশালী পাসওয়ার্ড এবং ডাটা ব্যাকআপ—এই তিনটি বিষয় মেনে চললেই বেশিরভাগ আক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব।

May You Interested

ট্রয় যুদ্ধের কাহিনি নিশ্চয় শুনেছেন? হোমারের ‘ওডিসি’ এবং ভার্জিলের ‘ইনিড’ মহাকাব্যের উপজীব্য গ্রিক বাহিনী ও ট্রয় নগরের মধ্যকার দীর্ঘ যুদ্ধ।

ধরুন, সকালে উঠে নিজেকে হালনাগাদ রাখতে ঢুকলেন কোনো নিউজ পোর্টালের ওয়েবসাইটে। ওয়েবসাইট খুলতেই চোখে পড়ে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন। কিছু বিজ্ঞাপন

এয়ারপোর্টে বোর্ডিং পাসে একটি কিউআর (QR) কোড থাকে। এটি স্ক্যান করে যাত্রীদের প্লেনে উঠানো হয়। আবার, কনসার্টের টিকিট চেক করতেও