ধরুন, সকালে উঠে নিজেকে হালনাগাদ রাখতে ঢুকলেন কোনো নিউজ পোর্টালের ওয়েবসাইটে। ওয়েবসাইট খুলতেই চোখে পড়ে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন। কিছু বিজ্ঞাপন ওয়েবপেজের বিভিন্ন অংশজুড়ে থাকে, আবার কিছু পপ-আপের মতো হাজির হয়। যখনই কোনো খবর আগ্রহ নিয়ে পড়তে যাবেন, ঠিক তখন চলে আসছে বিজ্ঞাপন। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চাইলেও সে বিজ্ঞাপন এড়াতে পারবে না।
কোনো খবর পড়ার সময় এমন অসংখ্য বিজ্ঞাপন কি আপনাকে বিরক্ত করে? শুধু বিরক্তির কারণই নয়, অনেক বিজ্ঞাপন আবার অনলাইন ট্র্যাকিং করে। আপনি কি জানেন, কিছু বিজ্ঞাপন থাকতে পারে যা ম্যালওয়্যারের বাহকও? এসব বিজ্ঞাপনে বেখেয়ালের একটি ক্লিক আপনার অনলাইন জগতে নিয়ে আসতে পারে নানা রকমের ঝুঁকি!
এসব থেকে মুক্তি পেতে আপনার প্রয়োজন ব্রাউজারে এমন ব্যবস্থা রাখা, যা বিজ্ঞাপন দেখানো বন্ধ করতে পারে এবং অনলাইনের ঝুঁকি থেকে আপনাকে রক্ষা করতে পারে! অ্যাড-ব্লক প্লাস এমনই একটি উপায়, যার মাধ্যমে আপনি বিজ্ঞাপন থেকে মুক্তি পেতে পারেন। আবার, এমন ব্রাউজারও ব্যবহার করতে পারেন যা ডিফল্টভাবেই বিজ্ঞাপন আটকে দেয়, যেমন ব্রেভ ব্রাউজার (Brave Browser)। এটি একটি প্রাইভেসি-কেন্দ্রিক ব্রাউজার যা ডিফল্টভাবে অনেক বিরক্তিকর বিজ্ঞাপন ও ট্র্যাকার ব্লক করে দেয়। আর আপনার ইন্টারনেট ব্রাউজিংকে করে তোলে আরও দ্রুত এবং নিরাপদ।
অ্যাড-ব্লক প্লাস একটি ফ্রি ব্রাউজার এক্সটেনশন। আপনার ব্যবহৃত যেকোনো ব্রাউজারে এটি যুক্ত করার মাধ্যমে নিজের মতো ওয়েব কার্যক্রম সাজাতে পারবেন। অর্থাৎ অতিরিক্ত বিজ্ঞাপন, অনলাইন ট্র্যাকিং নিস্ক্রিয় করাসহ আরও সুবিধা এতে আছে। এটি সব ধরনের ডিভাইস- হোক তা কম্পিউটার বা স্মার্টফোন, ব্যবহার করতে পারবেন।
অ্যাড-ব্লক প্লাস টুলটিতে আপনি ফিল্টার লিস্ট নামক একটি ফিচার পাবেন। এটি মূলত একগুচ্ছ নিয়মের একটি প্রক্রিয়া যা আপনার ব্রাউজারকে কোন বিজ্ঞাপনগুলো ব্লক বা আটকাতে হবে, তা বলে দেয়। আপনার পছন্দমতো কম-বেশি ফিল্টার করতে পারবেন। এই ফিল্টার লিস্টগুলো ওপেন সোর্স লাইসেন্সের অধীনে থাকে। ফলে, আগে থেকে কারও তৈরি করা এবং অন্য কারও নিয়ন্ত্রিত ফিল্টার লিস্টও ব্যবহার করতে পারেন। আবার, পছন্দমতো নিজের লিস্টও তৈরি করতে পারেন।
অনেক সময় অনেক বিজ্ঞাপনে বিল্ড-ইন অবস্থায় অনলাইন ট্র্যাকিং সিস্টেম চালু করা থাকে। ফলে সেই বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে আপনার ডিভাইসের ব্রাউজিং হিস্টরি নজর রাখতে পারে এবং তথ্য সংগ্রহ করতে পারে। আবার, কিছু কিছু বিজ্ঞাপনে ম্যালওয়্যারও থাকতে পারে যা ব্যবহারকারীর ডিজিটাল সুরক্ষায় আঘাত হানে। অ্যাড-ব্লক প্লাস ডিফল্টভাবেই নির্দিষ্ট স্তরের ট্র্যাকিং এবং ম্যালওয়্যার সুরক্ষা দিয়ে থাকে। এছাড়াও, আপনার প্রয়োজনমতো অতিরিক্ত ট্র্যাকিং এবং ম্যালওয়্যার ফিল্টার লিস্ট যুক্ত করতে পারবেন।
অ্যাড-ব্লক প্লাস আপনার ডিভাইসে ডাউনলোড করে ইনস্টল করার পর কিছু ফিল্টার লিস্ট ডিফল্টভাবে চালু হবে। যেমন-
১। ব্লকলিস্টেড বিজ্ঞাপন (Blocklisted Ads): এই ফিল্টার লিস্টটি আপনার ব্রাউজারের ভাষা অনুযায়ী বিজ্ঞাপন ব্লক করে থাকে।
২। অ্যাকসেপ্টেবল বিজ্ঞাপন (Acceptable Ads): এটি একটি বিশেষ ফিচার। এর মাধ্যমে আপনি আপনার ইন্টারনেট ব্যবহারের মান বজায় রাখতে পারবেন। এটি শুধু সেসব বিজ্ঞাপন দেখানোর অনুমতি দেয় যা বিরক্তিকর নয় এবং ‘অ্যাকসেপ্টেবল অ্যাডস কমিটি’ নির্ধারিত মানদণ্ড মেনে চলে।
আপনার ওয়েব ব্রাউজিংয়ে সুবিধার জন্য এই ফিল্টার লিস্টগুলো আগে থেকেই চালু থাকে। তবে চাইলে প্রয়োজন ও পছন্দ অনুযায়ী এই লিস্টগুলো পরিবর্তন, অপসারণ অথবা নতুন কোনো ফিল্টার লিস্ট যোগ করতে পারবেন। এতে আপনার ইন্টারনেট ব্রাউজিং নিরাপদ ও ঝামেলামুক্ত থাকবে।