ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ভিডিও ধারণের অ্যাপ: ফ্যাডক্যাম

সাধারণ মানুষের কাছে যথাযথ সংবাদ পৌঁছে দেওয়া সাংবাদিকের গুরুতর দায়িত্ব। তবে এই দায়িত্ব পালন অনেক সময় ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। অন্যায় ও অসঙ্গতি নিয়ে রিপোর্ট করতে গেলে বাধা, হেনস্তা এমনকি জীবননাশের হুমকিরও মুখোমুখি হতে হয়। তদন্তের স্বার্থে ছবি বা ভিডিও সংগ্রহের সময় ডিভাইস জব্দ করা, ছিনিয়ে নেওয়া বা ভেঙে ফেলার মতো ঘটনাও নতুন কিছু না।

এ ধরনের পরিস্থিতিতে ঝুঁকি কিছুটা কমিয়ে কীভাবে তথ্য বা সংবাদ সংগ্রহ করা যায়, সে জন্য সাংবাদিকদের নানা কৌশল ও প্রযুক্তির সাহায্য নিতে হয়। নিঃশব্দে ভিডিও ধারণের জন্য বর্তমানে বেশ কিছু টুল ও অ্যাপ রয়েছে। এর মধ্যে ফ্যাডক্যাম এমন একটি ওপেন-সোর্স অ্যাপ, যার মাধ্যমে ফোনের স্ক্রিনে রেকর্ডিংয়ের বিষয়টি প্রকাশ না করেই ভিডিও ধারণ করা যায়। ফলে সংবেদনশীল বা ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে, নিজের সুরক্ষা ও নিরাপত্তার দিকে নজর রেখে তথ্য সংগ্রহের একটি বিকল্প উপায় হতে পারে ফ্যাডক্যাম।

ফ্যাডক্যাম হচ্ছে একটি ওপেন-সোর্স ও বিজ্ঞাপনমুক্ত মাল্টিমিডিয়া রেকর্ডিং অ্যান্ড্রয়েড অ্যাপ। অর্থাৎ, এটি শুধু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাই ব্যবহার করতে পারবেন। মূলত গোপনীয়তা রক্ষা, কাস্টমাইজেশন এবং নৈতিক ব্যবহারের বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে অ্যাপটি। কোনো ব্যবহারকারী যেন কোনো ধরনের ঝুঁকির সম্মুখীন না হন, তা নিশ্চিত করা হয়েছে। যদিও এর শুরু হয়েছিল শুধু ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার হিসেবে, কিন্তু এখন অনেক ফিচার যুক্ত হয়েছে। যেমন- ড্যাশক্যাম-স্টাইল রেকর্ডিং, স্ক্রিন রেকর্ডিং, লোকাল নেটওয়ার্কে লাইভ স্ট্রিমিং এবং রিমোট ক্যামেরা কন্ট্রোল ইত্যাদি। এটি ফ্যাডসেক ল্যাব (FadSec Lab) নামের একটি প্রজেক্ট স্যুটের অংশ, যারা বিজ্ঞাপনমুক্ত ও প্রাইভেসি-ফার্স্ট অ্যাপ তৈরিতে অগ্রাধিকার দেয়।

এফ-ড্রয়েডের তথ্য অনুযায়ী, ফ্যাডক্যাম ফ্রেগমেন্টেড এমপিফোর (Fragmented MP4) ফরম্যাট ব্যবহার করে, যাতে ফাইল করাপশনের ঝুঁকি প্রায় শূন্য থাকে। গিটহ্যাবে (GitHub) পেজের বিস্তারিত অনুযায়ী অ্যাপটির একটি “সেল্ফ-হিলিং স্ক্যান” ফিচার আছে, যা পরবর্তী অ্যাপ লঞ্চে ডেটাবেজ-ড্রিভেনভাবে চলে এবং শুধু সেসব রেকর্ডিং পরীক্ষা করে যেগুলো আগে চূড়ান্ত হিসেবে ভেরিফাই হয়নি। ফলে স্বাভাবিক ব্যবহারে কোনো বাড়তি লোড পড়ে না। যেসব ফাইল রিকভার করা যায় না, সেগুলো অক্ষত রেখে চিহ্নিত করে রাখা হয় যাতে বারবার চেষ্টা না করা হয়। ফলে সবচেয়ে খারাপ পরিস্থিতিতেও করাপ্ট ফাইলের বদলে একটি রিকভারড ফাইল পাওয়া যায়।

ফ্যাডক্যাম চালু করে স্বাভাবিকভাবেই আপনার ফোনটি ব্যবহার করতে পারবেন। এমনকি আপনি আপনার স্ক্রিন বন্ধ করেও এটি ব্যবহার করতে পারবেন। অ্যাপটি ব্যাকগ্রাউন্ডে নির্বিঘ্নে রেকর্ডিং করতে পারে, যা গোপনীয়তা বজায় রাখতে কিংবা রেকর্ডিংয়ের সময় ব্যাটারি সাশ্রয় করতে অত্যন্ত কার্যকর। এমনকি আপনি শর্টকাট পদ্ধতিতেও অ্যাপটির রেকর্ডিং নিয়ন্ত্রণ করতে পারবেন, ফলে অ্যাপটি না খুলেই সহজেই রেকর্ডিং শুরু বা বন্ধ করা সম্ভব হয়।

প্রয়োজন অনুযায়ী রেকর্ডিংয়ের গুণমান ঠিক করার সুবিধা দেয় ফ্যাডক্যাম। আপনি এসডি (SD), এইচডি (HD) এবং ফুল এইচডি (Full HD)-সহ বিভিন্ন রেজোলিউশন বাছাই করতে পারবেন। প্রতি সেকেন্ডে ফ্রেমের হার (frame rate) নির্বাচন করতে পারবেন। এছাড়া, সময়, অবস্থান বা লোগোর মতো তথ্যসহ কাস্টম ওয়াটারমার্কও যুক্ত করতে পারবেন। হোম স্ক্রিনে যুক্ত করা যায় এমন একটি উইজেটের মাধ্যমে আপনি রেকর্ডিংয়ের সময়ের মতো বিভিন্ন প্যারামিটার বা তথ্য পর্যবেক্ষণ করতে পারবেন।

ফ্যাডক্যামের প্রতিটি রেকর্ডিং সরাসরি অ্যাপ থেকেই অ্যাক্সেস করা সম্ভব। আপনি ভিডিওগুলোর নাম পরিবর্তন, তারিখ বা আকার অনুযায়ী সাজাতে পারেন এবং ইন্টারফেস থেকেই সেগুলো মুছে ফেলতে পারেন। এতে একটি বিল্ট-ইন এক্সোপ্লেয়ার-ভিত্তিক (ExoPlayer) প্লেয়ারও রয়েছে, যার মাধ্যমে অ্যাপ থেকে বের না হয়েই আপনি আপনার রেকর্ডিংগুলো দেখতে পারেন। এছাড়া, প্রতিটি ভিডিওর সময়কাল ও ফাইলের আকারসহ বিস্তারিত তথ্যও দেখতে পারবেন।

যেহেতু এই অ্যাপের মাধ্যমে লুকিয়ে বা কাউকে না জানিয়ে নির্বিঘ্নে ভিডিও করা যায়, সেহেতু এটি যেন নৈতিকভাবে ব্যবহার করা হয়, সে বিষয়ে বিশেষভাবে বলা হয়েছে। অনেক দেশে কারও সম্মতি ছাড়া ছবি বা ভিডিও করা গুরুতর অপরাধ। ফলে সৎ উদ্দেশ্য ও ভালো কাজে এটি ব্যবহার করতে হবে। এছাড়াও, অ্যান্ড্রয়েডের বাইরে অন্যান্য অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা এটি ব্যবহার করতে পারেন না। আবার, এটি থার্ডপার্টি নেটওয়ার্ক ও নির্ধারিত অবস্থান চিহ্নিত করে যা নিরাপত্তার হুমকি হতে পারে। ফলে এটি ব্যবহার করার ক্ষেত্রে এসব বিষয় মাথায় রাখা উচিত।

ফ্যাডক্যাম ডাউনলোড ও ইন্সটল করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন-

১। https://github.com/anonfaded/FadCam/releases/tag/v3.0.1 এই গিটহ্যাব পেইজে যান।

২। এরপর নিচে স্ক্রল করলে এপিকে ফাইল সেকশন থেকে ‘কম্প্যাটিবল উইথ অল ডিভাইসেস (কমন)’ (‘Compatible with all devices (common)’) অপশনের এপিকে ফাইলটি ডাউনলোড করুন।

৩। ডাউনলোড করার সময় আপনার ফোনে নিরাপত্তার জন্য কিছু সতর্ক বার্তা দেখাবে এবং আপনার ফোনের কিছু সেটিংস পারমিশন পরিবর্তন করতে হতে পারে। এরপর ইনস্টল করুন।

৪। তারপর ফ্যাডক্যাম অ্যাপটি ওপেন হবে। ‘Next’ অপশন দিয়ে ভাষা নির্বাচন করুন।

৫। এরপর এটি আপনার ফোনের ক্যামেরা, অডিও ও গ্যালারি এক্সেস চাইবে। ব্যাটারি অপটিমাইজেশনের অনুমতিও চাইবে।

৬। অবশেষে হোম পেইজ ওপেন হবে। এরপর আপনার প্রয়োজন অনুসারে ভিডিও রেকর্ড করতে পারবেন।

May You Interested

প্রাপ্য লাখ লাখ টাকা নেওয়ার অনুরোধ করে কিছুদিন পরপর ইমেইল আসছে? ডিমের ডজন কত, জানতে না চাইলেও মোবাইলে মেসেজ পাঠিয়ে

ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ দেখলেন, কোনো জনপ্রিয় ব্যক্তির ব্যক্তিগত ফোন নম্বর বা বাসার ঠিকানা একটি পেজ থেকে প্রকাশ করা

মোবাইল বা ল্যাপটপসহ যেকোনো ধরনের ডিভাইসে ওয়েব ব্রাউজিংয়ের ক্ষেত্রে পরিচিত এক নাম গুগল ক্রোম বা গুগল সার্চ ইঞ্জিন। গুগলের সঙ্গে