আসন্ন নির্বাচনে বা যেকোনো জরুরি পরিস্থিতিতে মাঠপর্যায়ে তথ্য কিংবা ছবি-ভিডিও সংগ্রহ করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সংবেদনশীল সেই ডাটা নিরাপদে সংরক্ষণ করাটাও বড় চ্যালেঞ্জ। আপনার ডিভাইসে থাকা জরুরি যেকোনো তথ্য নিরাপদে অন্যের কাছে পাঠাতে কিংবা ক্লাউডে জমা রাখতে বর্তমানে নির্ভরযোগ্য একটি মাধ্যম হতে পারে “লুফি-ডিসরুট ফাইল আপলোডার।” এখানে আপলোড করা ফাইল এনক্রিপটেড থাকে। এছাড়া প্রয়োজন অনুযায়ী স্থায়িত্বকাল নির্ধারণ এবং পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত রাখাও সম্ভব।
লুফি-ডিসরুট ফাইল আপলোডার একটি ফ্রি ফাইল হোস্টিং সফটওয়্যার। এই সার্ভারে ফাইল আপলোড করার সময়ই সেটি এনক্রিপ্ট হয়ে যায়। যার ফলে সার্ভার অ্যাডমিন বা অ্যাডমিনিস্ট্রেটর আপনার ফাইলের নাম, সাইজ ও ফাইল টাইপ ছাড়া অন্য কোনো তথ্য দেখতে পারে না। পাশাপাশি এই সফটওয়্যারের মাধ্যমে অন্যকে আপনার ফাইলটি পাঠাতেও পারবেন। এই পুরো প্রক্রিয়াটি এন্ড-টু-এন্ড এনক্রিপটেড অবস্থায় হয়ে থাকে যা নিরাপদ। এখানে আপনি আপনার ফাইল পাসওয়ার্ড দিয়ে সংরক্ষিতও রাখতে পারেন এবং ফাইলটি কতদিন পর্যন্ত আপনি এই সার্ভারে রাখতে চাচ্ছেন তাও নির্ধারণ করতে পারেন। আবার যদি চান যে আপলোড করা ফাইলটি কেউ প্রথমবার ডাউনলোড করার পরপরই স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে, সেটিও করতে পারবেন। যদি চান যে আপনার ফাইলগুলো আপলোড হওয়ার আগেই জিপ আর্কাইভ হয়ে যাবে, সে ব্যবস্থাও রয়েছে এখানে।
এই সার্ভারে যেভাবে ফাইল আপলোড করবেন-
১। প্রথমে ব্রাউজার থেকে https://upload.disroot.org/ লিঙ্কে প্রবেশ করুন ।

২। উপরের ছবিতে দেখতে পাওয়া বক্সে নির্ধারিত ফাইলটি আপলোড করুন।

৩। এইপর্যায়ে আপনার ফাইলটির নাম, ফাইল টাইপ ও সাইজ দেখাবে আপলোড হওয়ার সময়।

৪। আপলোডকৃত ফাইলটি কখন অটো মুছে যাবে তার বর্ণনা, ডাউনলোড লিঙ্ক ও ডিলেটেশন লিঙ্ক দেওয়া থাকে। এই লিঙ্কটি আপনার মেইল দিয়ে আরেকজনকে পাঠাতেও পারবেন অথবা ক্লিপবোর্ডে কপি করতে পারবেন।

৫। এখানে আপনি ফাইলের স্থায়িত্বকাল নির্ধারণ করতে পারবেন।

৬। আপনি যদি চান ফাইলটি প্রথমবার ডাউনলোড করার পরপরই সেটি স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে, সে ব্যবস্থাগুলো আপনি নিজের মত করে করতে পারবেন। সঙ্গে পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিতও করতে পারবেন।

৭। যদি চান যে আপনার ফাইলগুলো আপলোড হওয়ার আগেই জিপ আর্কাইভ হয়ে যাবে, সে ব্যবস্থাগুলোও রয়েছে। নিজের মত করে সেটি করতে পারবেন।

৮। সাইডবারে আপনি এই সার্ভার সম্পর্কে জানতে পারবেন, আপনার পছন্দমত ভাষা সিলেক্ট করতে পারবেন এবং মাই ফাইল (My File) অপশনে আপনার আপলোড করা সব ফাইল দেখতে পারবেন।

৯। মাই ফাইল অপশনে আপনার ফাইলগুলোর নাম, ফাইল টাইপ, ফাইল সাইজ, আপলোড করার সময় ও কখন এক্সপায়ার হবে সেই সময়, এবং ডাউনলোড লিঙ্ক ও ডিলেটেশন লিঙ্ক উল্লেখিত থাকে। সঙ্গে মেইলের অপশনও রয়েছে।

১০। আপনার আপলোডকৃত ফাইল আপনি মেইল করেও পাঠাতে পারবেন। এক্ষেত্রে নির্ধারিত ইমেইল অ্যাড্রেসটি দিয়ে ‘Send with this server’ অপশনটিতে ক্লিক করুন।

১১। এভাবে মেইলটি আপনার নির্ধারিত মেইল অ্যাড্রেসে পৌঁছে যাবে।

নির্বাচনের সময় সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের জন্য ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়। ডিভাইস জব্দ, শারীরিক হামলা, অ্যাকাউন্ট হ্যাকের মতো ঘটনা বেড়ে যায় তখন। এমন প্রেক্ষাপটে ডিসরুট হতে পারে নিরাপদে তথ্য সংরক্ষণ ও নির্বিঘ্নে সংবাদ পাঠানোর একটি কার্যকর মাধ্যম। এন্ড-টু-এন্ড এনক্রিপশন ও ওপেনসোর্স সার্ভারের মাধ্যমে ব্যবহারকারীর তথ্য সুরক্ষিত থাকে বলে হ্যাকের আশঙ্কা থাকলেও ডেটা চুরির সুযোগ থাকে না। এমনকি ডিভাইস হারিয়ে গেলেও তথ্য নিরাপদে সংরক্ষিত থাকে অনলাইন সার্ভারে।