প্রাত্যহিক জীবনে আমরা নানা ধরনের ডিভাইস ব্যবহার করি। ব্যক্তিগত ও কর্মক্ষেত্রের অনেক সংবেদনশীল তথ্য এসব ডিভাইসে সংরক্ষণ করি। তাই ডিভাইসকে সুরক্ষিত রাখতে না পারলে গুরুত্বপূর্ণ তথ্য চলে যেতে পারে অন্যের কাছে।
আমরা এখন একাধিক ডিভাইস ব্যবহার করি। প্রতিটি ডিভাইসের কাজ ও প্রয়োজন আলাদা। সুতরাং, মাত্র একটি উপায় অবলম্বন করে সব ডিভাইসকে সুরক্ষিত রাখা সম্ভব নয়।
আমাদের ব্যবহার্য ডিভাইস সুরক্ষায় নিচের পদ্ধতিগুলো অনুসরণ করতে পারেন-
- একটি শক্তিশালী পাসওয়ার্ড দিয়ে ডিভাইস লক করুন। পাসওয়ার্ড যত কঠিন এবং দীর্ঘ হবে সেটি আনলক করা অন্যদের জন্য ততই কঠিন।
- ডিভাইসের অপারেটিং সিস্টেম, অ্যাপস এবং ব্রাউজার নিয়মিত আপডেট করুন।
- আপনার ডিভাইসে সংরক্ষিত তথ্য মাঝে মাঝে পর্যবেক্ষণ করুন কোনটি দরকারি বা কোনটির আর প্রয়োজন নেই এবং এটি কীভাবে আপনাকে বা অন্যদের ঝুঁকির মধ্যে ফেলতে পারে তা বিবেচনা করুন।
- আপনার ডিভাইস নষ্ট হলে, হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে তার মধ্যে সংরক্ষিত সব তথ্য হারিয়ে যেতে পারে, তাই নিয়মিত ব্যাকআপ নিন। আপনার নিয়মিত ওয়ার্কস্টেশন থেকে দূরে নিরাপদে ব্যাকআপ কপি সংরক্ষণ করুন।
- ডিভাইস থেকে সংবেদনশীল তথ্য নিয়মিত মুছে ফেলুন। মুছে ফেলা ফাইলগুলো যেন সহজেই আবার ফিরিয়ে আনা না যায় তার জন্য স্থায়ী ভাবে মুছে ফেলার বিশেষ সফটওয়্যার ব্যবহার করুন। ব্লিচবিটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিনামূল্যে আপনি ব্লিচবিট সফটওয়্যার ডাউনলোড করে এই কাজটি করতে পারেন। আরও বিস্তারিত জানতে তাদের ডকুমেন্টেশন পেজ ঘুরে আসতে পারেন। সেখানে ছবিসহ প্রতিটি ধাপ ব্যাখ্যা করা হয়েছে।
- কোনো জনবহুল স্থানে আপনার ডিভাইস চার্জ করার সময় ডিভাইসগুলোকে চোখের আড়াল করবেন না, কারণ সেগুলো চুরি হতে পারে বা টেম্পারড হতে পারে।
- বিভিন্ন ইভেন্টে বিনামূল্যে বিতরণ করা ফ্ল্যাশ ড্রাইভ ব্যবহার করবেন না। এগুলোতে ম্যালওয়্যার থাকতে পারে যা আপনার কম্পিউটারকে সংক্রমিত করতে পারে।
- আপনার ডিভাইস থেকে স্বয়ংক্রিয়ভাবে যে সমস্ত তথ্য ক্লাউডে ব্যাকআপ হয় সেগুলো নিরাপদ নয়। তথ্য নিরাপদে রাখার জন্য আপনাকে একটি এনক্রিপশন টুল ব্যবহার করতে হবে অথবা সেটিংস থেকে ক্লাউডে স্বয়ংক্রিয় ব্যাকআপ বন্ধ করতে হবে।
- আপনার মোবাইল ডিভাইস চুরি হয়ে গেলে এর মধ্যে থাকা তথ্য যেন আপনি দূরে থেকেই মুছে ফেলতে পারেন তা নিশ্চিত করতে হবে। অ্যান্ড্রয়েডের (Android) জন্য এই লিংক এবং আইওএসের (iOS) জন্য এই লিংক অনুসরণ করুন। তবে মনে রাখতে হবে, এই ফাংশনটি শুধু ডিভাইসে ইন্টারনেট সংযোগ থাকলে তবেই কাজ করবে।
- ডিভাইস নষ্ট হলে অবশ্যই বিশ্বস্ত টেকনিশিয়ানের নিকট থেকে সার্ভিস করান।
- সবশেষে, আপনি নিজে অন্যের ডিভাইস ব্যবহার করবেন না, এবং অন্যকে আপনার ডিভাইস ব্যবহার করতে দেবেন না।