অফ-মেটা অ্যাক্টিভিটি কী এবং কেন এটি বন্ধ রাখবেন?

কোনো একটি পণ্য নিয়ে ব্রাউজারে সার্চ করার পর সে সম্পর্কিত কোনো বিজ্ঞাপন কী কখনো আপনার ফেসবুক ফিডে এসেছে? অথবা স্মার্টফোনে ইনস্টল করা কোনো অ্যাপের তথ্যের সঙ্গে ফেসবুকের সাজেশনে আসা বিজ্ঞাপন মিলে যাচ্ছে? প্রায়ই আমরা এমন বিষয় লক্ষ্য করে অবাক হই। আপনি হয়তো ভাবছেন, ফেসবুকে এসব সার্চ করেননি, তাহলে কীভাবে সেটি ফেসবুকে আসছে? মেটা কী কোনোভাবে ব্রাউজারে অথবা অন্য অ্যাপে নজরদারি করছে? এই সবকিছুর উত্তরই পাওয়া যাবে, ফেসবুকের অফ-মেটা অ্যাক্টিভিটি ফিচারটির মাধ্যমে। এই বৈশিষ্ট্যের মাধ্যমে ফেসবুক মূলত আপনার সম্পর্কে কোন তথ্যগুলো জানে তা দেখা যায়।

অফ-মেটা অ্যাক্টিভিটি হচ্ছে মেটার একটি বিশেষ ফিচার। আপনি মেটা প্ল্যাটফর্ম বা ফেসবুকের বাইরে যেসকল জিনিস বা পণ্য ব্রাউজারে সার্চ করেন, সেসব জিনিস বা পণ্যের তথ্য মেটা সংগ্রহ করে। এইসব তথ্য মেটা বিশ্লেষণ করে এবং ফেসবুক ব্যবহারকারীদের কাছে তাদের পছন্দের জিনিস বা পণ্যের বিজ্ঞাপন প্রচার করে। এই সকল অ্যাক্টিভিটি ফেসবুক সংগ্রহ করবে কিনা তা ব্যবহারকারীরা যেন দেখতে ও নিয়ন্ত্রণ করতে পারে এজন্য এই ফিচারটি তৈরি করা হয়েছে। ফেসবুক ব্যবহারকারিদের প্রাইভেসি রক্ষার্থে এই ফিচারটি ২০১৯ সাল থেকে ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে।

ফেসবুক তার ব্যবসায়িক লাভের উদ্দেশ্যে বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন প্রচার করে থাকে। এটি আপনার ক্লিক ও কেনাকাটার তথ্য সংগ্রহ করে তার বিজ্ঞাপন প্রচারের ধরন ঠিক করে। আপনি ফেসবুকের মাধ্যমে যেসকল থার্ড-পার্টি ওয়েবসাইটে কেনাকাটা বা ভিজিট করেন, সেগুলো লোকাল সার্ভারে সংরক্ষিত থাকে। ফলে পরবর্তীতে অতি অল্প সময়েই সেই ওয়েবসাইটগুলো আবার ব্রাউজ করা সম্ভব হয়। আপনার অ্যাকাউন্টের সাথে লিংক করা এসব ওয়েবসাইট অ্যাক্টিভিটিগুলো ফেসবুক প্রক্রিয়া করে এবং ব্যবহার করে থাকে।

যদিও একে এক ধরনের ডেটা প্রাইভেসি লঙ্ঘন হিসেবে ধরা হয়। তবে ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় ব্যবহারকারীরা মেটার টার্মস ও কন্ডিশনে সম্মতি দেওয়ার ফলে মেটা বা ফেসবুক আইনসংগত ভাবেই এই কাজটি করতে পারে। কিন্তু ফেসবুক ব্যবহারকারীরা চাইলে বর্তমানে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। কেউ যদি তার ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা থেকে বিরত থাকতে চান, তাহলে এই ফিচারটি বন্ধ রাখতে পারেন।

আপনার ফেসবুক অ্যাকাউন্টের অফ-মেটা অ্যাক্টিভিটি ফিচারটি অর্থাৎ মেটা প্ল্যাটফর্মের বাইরের কার্যকলাপ বন্ধ রাখতে নিচের ধাপগুলো অনুসরণ করুন-

১। ফেসবুক অ্যাকাউন্টের ‘Settings & Privacy’ অপশনটিতে গিয়ে ‘Settings’ এ ক্লিক করুন।

২। এখানে আপনি ‘Accounts centre’ অপশনে গিয়ে, এরপর ‘See more in accounts centre’ এ ক্লিক করুন।

৩। তারপর ফেসবুক আপনাকে অ্যাকাউন্ট সেন্টারে নিয়ে যাবে। সেখানে আপনি ‘Account settings’ এ গিয়ে ‘Your information and permissions’ অপশনে ক্লিক করুন।

৪। এরপর ‘Your activity off Meta technologies’ অপশনে ক্লিক করুন।

৫। তারপর, একটি উইন্ডো আসবে যেখানে ‘Disconnect specific activity’, ‘Clear previous activity’ এবং ‘Manage future activity’ অপশন দেখাবে।

৬। এই অপশনগুলোর মাধ্যমে আপনি আপনার অফ-মেটা অ্যাক্টিভিটি নিয়ন্ত্রণ করতে পারবেন। এখানে এই অপশনগুলোর কাজ হচ্ছে –

  • Disconnect specific activity: এটি ক্লিক করার পর ফেসবুক আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাবে। তারপর আপনার সামনে নিচের ছবির মত উইন্ডোটি  আসবে। এটির মাধ্যমে কোন নির্দিষ্ট অ্যাপ ও ওয়েবসাইটের অ্যাক্টিভিটি আর কখনো সংরক্ষণ হবে না।
  • Clear previous activity: এটি আগের ওয়েবসাইট অ্যাক্টিভিটির ইতিহাস মুছে দেবে।
  • Manage future activity: পরবর্তীতে আপনার ওয়েবসাইট অ্যাক্টিভিটি বিভিন্ন সাইট থেকে ফেসবুকে সংরক্ষণ হবে কি না তা নিয়ন্ত্রণ করবে। আপনি যদি এটি নির্বাচন করেন তাহলে ভবিষ্যতে মেটা প্ল্যাটফর্মের বাইরে আপনার কোনো ওয়েবসাইটের বা অ্যাপের অ্যাক্টিভিটি মেটা অনুসরণ করতে পারবে না।

সুতরাং, আপনার অফ-মেটা অ্যাক্টিভিটি নিয়ন্ত্রণ করতে আপনি সকল অ্যাপ ও ওয়েবসাইটের তথ্য যেন সংরক্ষণ না হয় সেই অপশনটি বেঁছে নিতে পারেন। একইসঙ্গে আগের সব ইতিহাস মুছে দিয়ে এবং পরবর্তীতে এসব তথ্য ফেসবুকে যেন সংরক্ষণ না হয় সেই অপশনটি চালু করলে আপনার বিভিন্ন সাইটের কাজকর্মের তথ্য আর ফেসবুকে শেয়ার হবে না। ফলে, আপনার ব্যক্তিগত তথ্যের নিয়ন্ত্রণ থাকবে শুধু আপনার হাতে।

 

May You Interested

আসন্ন নির্বাচনে বা যেকোনো জরুরি পরিস্থিতিতে মাঠপর্যায়ে তথ্য কিংবা ছবি-ভিডিও সংগ্রহ করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সংবেদনশীল সেই ডাটা নিরাপদে সংরক্ষণ

ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন সম্পর্কে আমরা কমবেশি সবাই পরিচিত। অনলাইনে তথ্য খোঁজা, কেনাকাটা করা কিংবা প্রতিবেদন পড়ার মতো নানা

মোবাইল বা হার্ড ডিস্কে রাখা ফাইল, ছবি বা গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করার পর তা হারালে বা ক্র্যাশ করলে বিপদে পড়তে